মেডিকেল শিক্ষা ব্যবস্থায় ২০১২ সালে প্রণীত নতুন কারিকুলামে ‘ক্যারি অন’ সিস্টেমের পুনর্বহাল দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দ।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারের অধীক শিক্ষাথীর উপস্থিতিতে এক মানববন্ধনও সমাবেশে এ আলটিমেটাম দেয়া হয়।

কোনো পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণ করতে পারার প্রথাকে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় ‘ক্যারি অন’ সিস্টেম বলা হয়।     

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাজ মো. মঞ্জুরুল হক বলেন, ‘২০০২ সালের প্রণীত কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের পরেই দ্বিতীয় পেশাগত পরীক্ষার যাবতীয় ক্লাসে অংশগ্রহণের অনুমোদন পেতেন।’

তিনি বলেন, ‘এই কারিকুলামে পেশাগত পরীক্ষা ছিল ৩টি এবং একজন শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ না হলেও ৬ মাস পর অনুষ্ঠিত সাপ্লিমেন্টারিতে কৃতকার্য হলে তার শিক্ষাবর্ষ পিছিয়ে পড়তো না।’

মঞ্জুরুল হক বলেন, ‘কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষায় কৃতকার্য হলেও সে তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। এক্ষেত্রে পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা এ কারিকুলামে উল্লেখ নেই।’

এর ফলে মেডিকেল শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক অবকাঠামোর অপ্রতুলতা এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবে দুটি চলমান ব্যাচের সঙ্গে একটি ব্যাচের শিক্ষা কার্যক্রম দুরহ ব্যাপার হয়ে দাঁড়াবে।’

অন্যদিকে, এই পদ্ধতির কারণে সরকারি মেডিকেল কলেজ ছাত্রাবাসগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দিবে এবং রাজস্বখাত থেকে অতিরিক্ত ব্যয় হবে। বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা একটি বিশাল আর্থিক বাধার সম্মুখীন হবে বলেও মনে করেন তিনি।

তাছাড়া মেডিকেল কলেজগুলোর মূল চালিকা শক্তি প্রতি বছর প্রায় ২ হাজার ইন্টার্ন চিকিৎসকের সংকট দেখা দেবে এবং সময় মত বিসিএস পরীক্ষায় অংশ নিতে না পারায় গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট দেখা দেবে বলে উল্লেখ করেন মঞ্জুরুল হক।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে স্বাভাবিক করতে নতুন কারিকুলামে ‘ক্যারি অন’ সিস্টেম পুনর্বহালের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি আহব্বান করেন তিনি।

সমাবেশ শেষে শিক্ষাথীরা শহীদ মিনারে গিয়ে সেখানে বেলা তিনটা পযন্ত অবস্থান শেষে তারা আগামী ৩ তারিখ সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করবেন এবং স্বাস্থ্য মন্ত্রীর সাক্ষাৎ করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, ময়মনসিং মেডিকেল কলেজের রাশিক আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রিয়াংকা নওশীন সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেডিকেল শিক্ষাথীরা।

এমএ/ইআর