রাজধানী থেকে আব্দুজ জাওয়াদ নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তারের পর নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুর ১২টায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের ছাত্র জাওয়াদকে তেজগাঁও মনিপুরী পাড়া ১১৫ নং বাড়ী থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কিন্তু গ্রেপ্তারের পর তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহীনির বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেও সন্ধান পাননি তার পরিবারের সদস্যরা। এ নিয়ে তার পরিবার গভীর শঙ্কায় রয়েছে।

আব্দুজ জাওয়াদের নিখোঁজের বিষয়ে তার পিতা অধ্যাপক আব্দুল তাওয়াদ বলেন, কোন কারণ ছাড়াই অন্যায় ভাবে আমার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

কিন্তু গ্রেপ্তারের পর তার সন্ধান দিচ্ছেনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যা সম্পূর্ণ বেআইনি ও অপ্রত্যাশিত।

এ অবস্থায় সন্তানের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছেন তার পিতা অধ্যাপক আব্দুল তাওয়াদ।