শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।  শিক্ষক লাঞ্ছনাকারী কর্মকর্তাদের শাস্তির দাবিতে আজও আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি সৈয়দ সাদ আন্দালিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হবে না। তবে নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এছাড়া লাঞ্ছনার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা কমিটি আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান হিসেবে রয়েছেন গণিত বিভাগের চেয়ারম্যান আ ফ ম ইউসুফ হায়দার।

গত ৩০ জুলাই শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের সঙ্গে কি ঘটেছিল পাঁচ কর্মদিবসের মধ্যে সে ব্যাখ্যা তৈরি করতে বলা হয়েছে কমিটিকে। তাকে অব্যাহতি দেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা মানা হয়েছিল কিনা সেটাও দেখতে বলা হয়েছে।

উল্লেখ্য, আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের বিরুদ্ধে অভিযোগ আনার পর রোববার থেকে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষকতা করছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারহান। তার দাবি, চুক্তির মেয়াদ ৩০ আগস্ট পর্যন্ত হলেও তার আগেই তাকে কর্মচ্যুত করে নোটিস দেওয়া হয়েছিল। এর প্রতিবাদ করলে তার ওপর হামলা করা হয়। এ নিয়েই ব্র্যাকের শিক্ষার্থীরা প্রতিবাদ অব্যাহত রেখেছে।

এমবি