রাজধানীর বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙ্গে ফেলায় নিন্দা জানিয়েছে বেসরকারি সংগঠন ‘আমার অধিকার ফাউন্ডেশন’।
এক বিবৃতিতে সংগঠন সংশ্লিষ্টরা বলেছেন, গত ৭ আগস্ট থেকে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা করুণ অবস্থায় আছে। শিক্ষার্থীদের খোলা আকাশের নীচে পরীক্ষা দিতে হচ্ছে। এই বিদ্যালয়টি এলাকার একমাত্র সরকারি বিদ্যালয়। অবিলম্বে বিদ্যালয়টিকে অন্য কোন ভবনে দ্রুত স্থানান্তর করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, যথাযথ সুযোগ ও শিক্ষার অনুকূল পরিবেশ অব্যাহত রাখার দাবি জানান তারা।
তারা বলেন, বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে প্রতিটি গ্রামে, শহরের মহল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন রয়েছে।
দেশে পর্যাপ্ত হারে প্রাথমিক বিদ্যালয় না বাড়লেও সম্প্রতি রাজধানীর বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙ্গে ফেলা হয়েছে। বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থীই গরীব, দিনমজুর ও মেহনতি মানুষের সন্তান। সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করার তাগিদ বাংলাদেশের সংবিধানেই বলা হয়েছে। তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্ব; এবং রাষ্ট্রকেই এই দায়িত্ব পালন করতে হবে।
‘আমার অধিকার ফাউন্ডেশন’ বর্তমানে সংবিধানের মৌলিক নীতিমালায় স্বীকৃত সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার অধিকার রাষ্ট্রদ্বারা নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল ও জাতীয় পর্যায়ে ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।
কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয় ভেঙ্গে এইভাবে পথে, খোলা আকাশের নীচে না বসিয়ে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিৎ ছিলো বলে মনে করে ‘আমার অধিকার ফাউন্ডেশন’।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





