গত বছরের চেয়ে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৫৫০ জন কমেছে।
২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ হয়। সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রকাশিত ফল অনুযায়ী, সারা দেশে এ বছর জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। কিন্তু গত বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। কিন্তু গত বছর গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার গড় পাসের হারও কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ।
উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে।
এমবি





