বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলী আকবর এর হাতে ফলাফল তুলে দেন।
ছয়টি অনুষদে মোট ১২০০ সিটের বিপরীতে ১২০০ জন মেধাতালিকায় ও ১১৯৫ জন অপেক্ষামান শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকাভূক্ত শিক্ষার্থীদের ২৮ নভেম্বর সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি করা হবে।
গত শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় (১০০ নম্বরের) সর্বোচ্চ ৯০.৭৫ নম্বর ও সর্বনিম্ন ৫৫.৫ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা মেধাতালিকায় স্থান পেয়েছে।
মেধাতালিকার মধ্যে ৬২.৫ শতাংশ ছেলে ও ৩৭.৫ শতাংশ মেয়ে শিক্ষার্থী।
মেধা ও অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা ০২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর এর মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনুষদ ভিত্তিক অপশন দিতে পারবে। মেধা তালিকাভূক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে ২০ নভেম্বর।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিল প্রায় ৩৩ হাজার ৪০৯ জন শিক্ষার্থী। এবার ১২০০ সিটের বিপরীতে ১২ হাজার ২৩ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।
এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে ৯.৬৭ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
ফলাফল পাওয়ার জন্য ভিজিট করুন : (http://admission.bau.edu.bd)
এমবি





