সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলায় ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্ররা জানায়, দুপুর পৌনে ১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের ক্যাম্পাসে প্রবেশের পর পরই ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় সাধারণ ছাত্রছাত্রী এবং রাস্তায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিরাপদ গন্তব্য খুঁজতে থাকে।

উভয়পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ আসলে উভয় পক্ষ সরে যায়। সংঘর্ষে ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসাইন জানান। তিনি হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেফতারের দাবি জানান।

এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরবর্তী সময়ে জানানো হবে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা জানান।

বনানী থানার ওসি (তদন্ত) নাজমুল হক সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা কোন সংগঠনের তা জানা নেই। পরে বিস্তারিত বলা হবে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএম