প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থনীয় আওয়ামী লীগ নেতারা দাওয়াত না পাওয়ায় তারা এ ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা অফিস। অনুষ্ঠান চলাকালে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা অনুষ্ঠান স্থলে এসে দাওয়াত না পাওয়ায় হট্টগোল শুরু করে। এতে বাধাগ্রস্থ হয় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি তাহমিনা আক্তার বলেন, রাজনৈতিক কর্মীরা দাওয়াত না পাওয়া নিয়ে অনুষ্ঠান স্থলে এসে হট্টগোল করে।
উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাদি জানান, উপজেলা শিক্ষা অফিস কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করলেও আওয়ামী লীগের হস্তক্ষেপে তা পণ্ড হয়ে যায়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম জানান, আওয়ামী লীগ নেতারা ওই অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় তারা অনুষ্ঠান স্থলে প্রতিবাদ করতে গিয়েছিলেন। পরে আয়োজকরা ভুল স্বীকার করলে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শিক্ষা
আ'লীগ নেতাদের দাওয়াত না দেয়ায় সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড
প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থনীয় আওয়ামী লীগ নেতারা দাওয়াত না পাওয়ায় তারা এ ঘটনা ঘটায়।





