ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার এ সময়সূচি প্রকাশ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুসারে ১৫ নভেম্বর প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটটের এবং সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন শিফটে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই শিফটে বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিট এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শুধু ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই শিফটে বাণিজ্য অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, সফলভাবে আবেদন করা ছাত্রছাত্রীরা iu.teletalk.com.bd- এই ওয়েবসাইট থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পরীক্ষার হলে পরীক্ষার্থীদের ডাউনলোড করা ভর্তি পরীক্ষার দুই কপি প্রবেশপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র প্রত্যেকটির দুই কপি ফটোকপি এবং প্রবেশপত্রে যে ছবি দেওয়া আছে সেই ছবি প্রত্যেক ফটোকপির উপরে সাদা জায়গায় আঠা দিয়ে সংযুক্ত করে আনতে হবে।

কেএইচ