বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন নীলদলের সভাপতি ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। শনিবার বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরীর কাছে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে গোলাম রব্বানী বলেন, আমার বিভাগে দু’জন প্রভাষকের সহকারি অধ্যাপকে আপগ্রেডেশনের জন্য বাছাই বোর্ড হওয়ার কথা ছিলো। কিন্তু আইনানুযায়ী বিভাগীয় প্রধান হিসেবে সেখানে আমার থাকার বিষয়টি মেনে না নিয়ে উপাচার্য বোর্ডটি স্থগিত করেছেন।

উপাচার্য এবং নীল দলের সদস্য হিসেবে শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ রহস্য ও ধোঁয়াশার সৃষ্টি করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, আমার কারণেই নাকি বোর্ড অনুষ্ঠিত হওয়া সম্ভব হচ্ছে না। যেহেতু আমার দলের সদস্য এ রকম অভিযোগ করেছেন তাই ব্যর্থতার গ্নানি না নিয়ে দলটির সভাপতি ও সাধারণ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছি। তিনি আরো বলেন, আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। তবে আমার মনে হচ্ছে এখানে শিক্ষকদের স্বার্থ রক্ষা হচ্ছে না। তাই দল থেকে পদত্যাগ করেছি।

আমি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবো। ন্যায় কথা বলতে দ্বিধাবোধ করবো না। আইন অনুযায়ী বিভাগীয় প্রধান প্রভাষক ও সহকারি অধ্যাপক পদে আপগ্রেডেশনের জন্য বাছাই বোর্ডে থাকবেন কিন্তু না রাখা হলে আমি আইনের দ্বারস্থ হবো। তবে বাছাই বোর্ড অনুষ্ঠিতের জন্য বার বার উপাচার্যকে আহবাণ করেছেন বলে জানান তিনি।

পদত্যাগপত্র জমার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরীকে ফোন করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ইভান/জারিফ