উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে।

এই পরীক্ষা নকলমুক্ত রাখতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পক্ষ থেকে কার্যকর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এই পরীক্ষাকে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষার দুদিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসব কোচিং সেন্টার অবৈধভাবে চলছে উল্লেখ করে তিনি বলেন, এগুলোর কোনো আইনগত ভিত্তি নেই।

পরীক্ষার পরিসংখ্যান জানিয়ে মন্ত্রী বলেন, গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন। এই বৃদ্ধির হার শতকরা ১০ দশমিক ৭৯ শতাংশ। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৭৯টি, শিক্ষাকেন্দ্র বেড়েছে ৪৪টি। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই যেন পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারে, তা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নেওয়া যাবে না। কেবল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি থাকবেন, তিনি ছবি তোলা যায় না এমন একটি মোবাইল ব্যবহার করবেন। কেবল কোন সেটের প্রশ্ন বিতরণ করবেন, তা জানতে সাধারণ মানের একটি ফোন তিনি ব্যবহার করতে পারবেন।

কিছুদিন আগে শেষ হওয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, মামলা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের দুই সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেড