জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের কার্যালযের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অবকাশ ভবন অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে উপাচার্যের নির্দেশে ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ ভবনটির মূল ফটক সিলগালা করে দেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ককটেল হামলার ধরন দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ ধারনা করছেন, এটি অবকাশ ভবন থেকে ছোড়া হয়েছে। তাই আমরা নিরাপত্তার স্বার্থেই ভবনটি সিলগালা করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, অবকাশ ভবনে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, চলচ্চিত্র সংসদ, রোভার স্কাউট, বিএনসিসি, বাঁধন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, আবৃত্তি সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় রয়েছে।

এদিকে অবকাশ ভবন বন্ধ করে দেয়ার ঘটনায় সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত খুলে দেয়ার দাবিও জানান তারা।

কেএইচ