বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেন প্রশাসন।
রোববার দুপুর সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় ইবি প্রশাসনে। সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু বাসচাপায় নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ভিসির বাংলো, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন, অনুষদভবন, বিজ্ঞানভবন ও টিএসসিসিতে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় ৮০টি গাড়ি ভাঙচুর করে ও অন্তত ১৩ বাসে অগ্নিসংযোগ করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের সময় পুলিশের গুলি ও টিয়ারশেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন নির্ভরতার কারণে এ ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
ইবি থানার এসআই মাহাফুজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড়শ রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।
জেএ





