রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুঠোফোন নম্বর মোবাইলে সেভ না থাকায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন।
বিয়ষটি খতিয়ে দেখে ছাত্রলীগ নেতা তুহিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
সোমবার রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে এ ব্যাপারে জানালে এ আশ্বাস দেন উপাচার্য।
রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এমএ সাঈদ শুভর নেতৃত্বে সাংবাদিকরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে দেখা করে ছাত্রলীগ নেতা তুহিনের হুমকির ব্যাপারে জানান এবং সংশ্লিষ্ট সাংবাদিকের নিরাপত্তা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। এসময় উপাচার্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
গত শনিবার মুঠোফানে নম্বর সেভ না থাকায় দৈনিক আমাদের সময়ের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলকে গালিগালাজ এবং হত্যার হুমকি দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন।
এবিষয়ে গত শনিবার রাতে নিরাপত্তা চেয়ে তুহিনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন সাংবাদিক শিমুল।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





