দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২য় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছে আজ।
আজ মঙ্গলবার ক্যম্পাসে বিক্ষোভ মিছিল করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রধান ফটকে শিক্ষার্থীদের ঝুলিয়ে দেয়া তালা ভেঙ্গে দিয়েছে শিক্ষকরা। উদ্ভুদ্ধ পরিস্থিতি নিরসনে আজ মঙ্গলবার সকালে শৃংখলা কমিটির মিটিং হয়েছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট কমিটি’র মিটিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসি’র পদত্যাগের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ। এ কারণে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাশ-পরীক্ষায় অংশ গ্রহণ থেকে বিরত রয়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ এ ধর্মঘট ঘোষণা দেয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর রুহুল আমিন এবং ছাত্র ও পরামর্শ বিভাগের কর্মকর্তা শাহাদৎ হোসেন খান লিখনের কুশপুত্তলিকা দাহ্য করে।
পরে তারা প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয়। ভিসি প্রফেসর রুহুল আমিন, সাম্প্রদায়িক শিক্ষক আনিস খান এবং ছাত্র ও পরামর্শ বিভাগের কর্মকর্তা শাহাদৎ হোসেন খান লিখনের পদত্যাগ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেয়।
এ সময় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সদস্য সচিব রফিকুল ইসলাম, এসএম জাহিদ হাসান, সাকিবা তাবাসসুম হক, মনিরুল ইসলাম মনি, মামুন-উর রশিদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন সহ অন্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক।
আটক আবুল হোসেন লিটন সে সময় জানায়, তাকে ৫০ হাজার টাকার চুক্তিতে ক্যালকুলেটরের ছদ্মাবরনে মোবাইল ডিভাইস দিয়েছিল তার বন্ধুর বড় ভাই। সে ঢাকা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছে।
এ ঘটনায় বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিস্কার করে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ।
এসএইচ





