মেডিকেল ও ডেন্টালে ফাঁসকৃত প্রশ্নে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনঃপরিক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার বেলা ১১টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টুকিটাকি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক তাসনুভা তাহরীন বলেন, আমরা শিক্ষার পাশাপাশি সুস্থভাবে বাঁচতে চাই।
এই জন্য প্রয়োজন চিকিৎসা। তার জন্য দরকার ভাল ডাক্তার। মেধাহীন ছাত্র যদি টাকা দিয়ে মেডিকেলে ভর্তি হয় তাহলে সে রোগীকে কি চিকিৎসা দিবে?
এতে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মেডিকেল ভর্তি পরিক্ষা পুনরাই নেওয়ার জন্য আহ্বান করছি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, বিপ্লবী ছাত্রমৈত্রীর রাবি সংসদের সাধারণ সম্পাদক দিলীপ রায়, রাবি ছাত্র ফেডারেশনের সাধারন সম্পাদক তমাশ্রী দাশ প্রমুখ।
এসময় আগামী ৭ তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচী পালন করার উদাত্ত আহ্বান জানান। তবে পরিক্ষা সমূহ ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে জানান।
এসএইচ





