ভর্তি ফি, সেশন ফি, পরিবহন ফিসহ বর্ধিত সকল প্রকার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এই মানববন্ধন করে তারা।
জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফিসহ সকল প্রকার ফি বৃদ্ধি করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বর্ধিত এই ফি কমানোর দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছে। সোমবার সকালে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয়। শিক্ষার্থীরা ‘শিক্ষা আমার সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ কর’, ‘পরিবহন ফির সংস্কার চাই’, ‘হই হই রই রই টাকাগুলা গেল কই?’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশগ্রহন করে।
শিক্ষার্থীরা জানায়, ২০১৭-১৮ সেশন থেকে ভর্তি ফিসহ সকল প্রকার ফি পূর্বের তুলনায় কয়েকগুন বৃদ্ধি করা হয়েছে। যা একটি মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য খুবই কষ্টকর। পূর্বের তুলনায় ফি বৃদ্ধি করার সাথে সাথে আরো কয়েকটি খাতও বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন সময় এর প্রতিবাদ করলেও বিষয়টি আমলে নেয়নি প্রশাসন।
মানববন্ধন চলাকালে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ও সহকারী প্রক্টর ড. নাছির উদ্দিন আজহারী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলন থামিয়ে ক্লাসে ফিরতে বলেন। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদেও আহবান উপেক্ষা করে মানববন্ধন চালিয়ে যেতে থাকে। মানববন্ধন থেকে আগামীকাল সকাল সাড়ে ১০ টায় একই দাবিতে আবারো মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচী ঘোষণা করে আজকের মতো আন্দোলন স্থগিত করা হয়।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘এটি একটি মীমাংসিত ইস্যু। এ নিয়ে এখন আর করণীয় কিছু নেই। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এখানে ফি অনেক কম। শিক্ষার্থীদের কেউ হয়তো ভুল বোঝাচ্ছে। আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে।’
নাহিদ/এসএম





