ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক এলাকায় ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে ওই এলাকা লকডাউন ঘোষণা করেছে হল প্রশাসন।
এই বৃদ্ধা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক শিক্ষকের শাশুড়ি।
শনিবার (১৮ এপ্রিল) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জে শাশুড়ি বাসায় একা থাকায় তাকে অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক ভবনে ওই শিক্ষকের বাসায় নিয়ে আসা হয়। এরপর শাশুড়ির জ্বর হলে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। পরে শনিবার ভোরে শাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ ঊর্ধ্ব একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি এক আবাসিক শিক্ষকের শাশুড়ি। পরে ওই এলাকাকে লকডাউন করা হয়েছে এবং সবাইকে নিজ নিজ গৃহে অবস্থানের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের ওই কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আর তারা যেন সব স্বাস্থ্যবিধি মেনে চলেন সে জন্যও তাদের পরামর্শ দেয়া হয়েছে।
এমবি





