একশ দিনেরও বেশি সময় বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবির।

মঙ্গলবার ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক উল্লাহ এক বিবৃতিতে এ দাবি জানান।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, ‘একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় নজির বিহীন ভাবে ১০৮ দিন ধরে বন্ধ আছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যত আজ ধ্বংশের দ্বার প্রান্তে। তাই অতিদ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্লাশ-পরীক্ষা চালু করা না হলে অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রশিবির আন্দোলনে যেতে বাধ্য হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্লাস-পরীক্ষার দাবিতে গত ১৪ মার্চ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বাধাদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, অতিদ্রুততম সময়ের মধ্যে আবাসিক হলগুলো খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা চালু করা এবং ভয়াবহ সেশনজট দূর করতে অতিরিক্ত ক্লাশ-পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা।

৩০ নভেম্বর বাস চাপায় মর্মান্তিক ভাবে নিহত ছাত্র তৌহিদুর রহমান টিটুর পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করা এবং দোষী বাস চালকের বিরুদ্ধে মামলা না দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা। পরিবহণ নির্ভরতা কমিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধান করার লক্ষে যে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

জেএ