হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কুমার রায় ও এসএম জাহিদ হাসানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অবিলম্বে ভিসি’র পদত্যাগের দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘেরাও করে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘেরাও করে এবং ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে তারা।

কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সাধারণ সম্পাদক অরুণ কুমার রায় সিটন, সহসভাপতি মো. মোস্তাফিজ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমি, প্রত্যুষ রায়, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম সুজন, কিশোর কুমার রায়, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রলীগ হাবিপ্রবি’র সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল ও সাধারণ সম্পাদক অরুণ কুমার রায় সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে উপাচার্য ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে কালিমা লেপন করে ছাত্রলীগকে ধ্বংসের চক্রান্তে মেতেছে। বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

তাঁরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে দুই ছাত্রনেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অবিলম্বে ভিসির পদত্যাগ ও বিচার দাবি করে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা।

এদিকে বিকাল ৩টায় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করেছেন প্রগতিশীল শিক্ষক পরিষদ এবং প্রগতিশীল কর্মকর্তা পরিষদ। সংবাদ সম্মেলনে তাঁরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন স্যার-এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক পরিষদের সহ-সভাপতি ড. মো. আনিস, সাধারণ সম্পাদক ড. বলরাম রায়। প্রগতিশীল কর্মকর্তা পরিষদ সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম ও সাধারণ সম্পাদক আ.ন.ম ইমতিয়াজ হোসেন।

জেআই