ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শতকরা হিসাবে পাসের হার ৮৮ দশমিক ৫২ ভাগ।

শনিবার (০২ নভেম্বর) দুপুরের পর ডেন্টালে ভর্তির এই ফলাফল প্রকাশিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী ১৯ হাজার ৭৭৮ জনের মধ্যে ১৭ হাজার ৫১৭ জন পাস করেছে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫০।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, আজ (শনিবার) দুপুরের পর ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে প্রথমে সরকারি একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৫১৭টি সাধারণ আসন, মুক্তিযোদ্ধা কোটায় ১০টি আসন ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য পাঁচটি আসনসহ সর্বমোট ৫৩২টি আসনে ভর্তি করা হবে।

আগামী ১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি থেকে সরকারি ডেন্টাল কলেজে ক্লাস শুরু হবে বলে জানান ডা. আবুল কালাম।

গতকাল (১ নভেম্বর) ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫ হাজার ১১৬ জন আবেদন করলেও অংশগ্রহণ করেন ১৯ হাজার ৭৮৮ জন। স্বল্পতম সময়ে ২৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশিত হলো।

এমবি