আগামীকাল বৃহস্পতিবার থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে। এবারও অনলাইন ও মোবাইলে মেসেজ পাঠিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ঠিকানায়। মুঠোফোনে আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। তবে আগামী ৯ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইনে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী এক আবেদনেই ১০টি কলেজ পছন্দক্রম দিতে পারবে। অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা দিতে হবে। এর পাশাপাশি মেসেজে আরও ১০টি কলেজের পছন্দক্রম দেওয়া যাবে। তবে মেসেজের আবেদনের জন্য প্রতি মেসেজে একটি কলেজের নাম দেওয়া যাবে। আর এ জন্য প্রতি মেসেজের জন্য ১২০টাকা করে দিতে হবে। এই হিসেবে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী ২০টি কলেজে ভর্তির জন্য আবেদনের সুযোগ পাচ্ছে।

আবেদনের পর ১৬ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। এরপর আসনের বিপরীতে নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি ও নিশ্চায়ন দিতে হবে ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে। অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি ও নিশ্চায়ন দিতে হবে ২৩ জুন থেকে ৩০ জুনের মধ্যে। তবে বিলম্ব ফি দিয়ে আগামী ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এবার ক্লাস শুরু হবে ১০ জুলাই।

বাংলাদেশ আন্তশিক্ষা ​বোর্ড সমন্বয় সাব কমিটির জারি করা ভর্তি নির্দেশিকা অনুযায়ী মুঠোফোনে আবেদনের জন্য একই নম্বর ব্যবহার করতে হবে এবং সেই সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হতে হবে।

অনলাইনে আবেদনের আগে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটকের মোবাইল (প্রি-পেইড) ব্যবহার করে অনলাইনের আবেদন ফি মেসেজের মাধ্যমে দিতে হবে। ভর্তির এই নির্দেশিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে সে অনুযায়ী সব কলেজেই তার মেধাক্রম নির্ধারণ করা হবে। সমান জিপিএ পাওয়াদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ​ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

গতবার পাঁচটি কলেজ পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল। এবার প্রথমে ১০টি কলেজে পছন্দক্রম দেওয়ার সিদ্ধান্তও হলেও পরে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমই