নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অন্তঃসত্ত্বা এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (রোববার) পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল চলাকালীন তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শিক্ষিকার নাম নুসরাত জাহান সোনিয়া।
তিনি দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার নেছারাবাদ গ্রামে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করে কলাপাড়া থানা পুলিশ। এর পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশ ওই শিক্ষিকার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে। কিন্তু ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে দুদিন তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এইসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শিক্ষিকা নুসরাত জাহান সোনিয়ার ফেসবুকে দেয়া স্ট্যাটাস
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।
এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। টানা অষ্টম দিনের মতো তারা রাস্তায় নেমেছে। গতকাল (০৪ আগস্ট) রাজধানীর জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। হামলার শিকার শিক্ষার্থীরা সেখানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করছিল।
আন্দোলনকারীদের ওপর লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রথম দফা হামলা করেছে এক দল যুবক। শিক্ষার্থীদের দাবি তারা স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে যোগ দেন পুলিশ সদস্যরা।
হামলার প্রতিবাদে আজ (রোববার) রাস্তায় বিক্ষোভে নেমেছে আরও বিশাল সংখ্যক শিক্ষার্থী।
এমবি





