ভালো শিক্ষকদের পাঠদান প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে টেলিভিশনের মাধ্যমে দেখানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ সোমবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত আলোচনায় ডিসিদের এই চিন্তার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ক্লাসগুলো যেন অন্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পেতে পারে, সেজন্য একটি টেলিভিশন চ্যানেল খুলে তাদের ক্লাস সম্প্রচারের ভাবনা রয়েছে সরকারের।
তিনি বলেন, এরকম টিভি করা গেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকেরাও এই শেখানো পদ্ধতি থেকে উপকার পাবেন এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সব জায়গায় শিক্ষার মান উন্নয়নের জন্য কতগুলো দক্ষতা অর্জন করা জরুরি। যেমন বাংলা ও ইংরেজি পড়তে, লিখতে, বলতে ও শুনতে পারছে কিনা, গণিত, বিজ্ঞান, আইসিটি, মুক্তিযুদ্ধের ইতিহাসহ সাধারণ যে দক্ষতা অর্জন করা দরকার সেটুকু তারা যেন শিখতে পারে।
এমআর





