গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। সম্প্রতি ঘুর্ণিঝড়ের কারণে বিদ্যালয়টির শ্রেণীকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ছাত্রীদের নিয়ে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ের টিনশেড ঘরটি মেরামত করা তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে।
একই সঙ্গে ঝড়ে বিদ্যালয়ের অপর একটি সেমিপাকা একাডেমিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয় মেরামতের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসে আবেদন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশচন্দ্র মণ্ডল।
সহকারী শিক্ষক আফজাল হোসেন জানান, বিদ্যালয়ের ক্লাসরুম না থাকায় চারদিক খোলামেলা পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। কিন্তু খোলা আকাশের নিচে পাঠদান করার কারণে শিক্ষার্থীদের ক্লাসের প্রতি মনোযোগী করা যাচ্ছে না।
শিক্ষার্থী রুমি খাতুন ও রুজিনা খাতুন জানান, প্রাকৃতিক দুর্যোগে আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বিধ্বস্ত হয়েছে। এ কারণে আমরা সুষ্ঠুভাবে ক্লাস করতে পারছি না। প্রচণ্ড তাপদাহে খোলা আকাশের নিচে ক্লাস করতে আমরা অস্বস্থিবোধ করছি।
সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল জানান, আর্থিক বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট বিভাগে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বিদ্যালয় মেরামতের ব্যবস্থা করা হবে।
টিএইচ/ এআর





