চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন দুটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে ভর্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
বিভাগ দুটি হলো- সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। উভয় বিভাগে ৩০জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ইতিমধ্যে বিভাগ দুটিতে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. মো. রিয়াজ আক্তার মল্লিক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
চুয়েটের সহকারি পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, চুয়েটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ার নানামুখী প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক চাহিদা অনুযায়ী সময়োপযোগী এই দুটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, সেশনজট ও অস্থিরতামুক্ত একটি সুন্দর সুখী পরিবার হিসেবে চুয়েট এগিয়ে যাচ্ছে। সীমিত বাজেটের মধ্যে উচ্চ শিক্ষা-গবেষণায় চুয়েট নানা সাফল্য লাভ করে দেশে-বিদেশে সকলের প্রশংসা কুড়িয়েছে।
বিশেষ করে, প্রতিবছর সফলভাবে একাধিক আর্ন্তজাতিক কনফারেন্স-সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠান, বিভিন্ন খ্যাতনামা জার্নালে নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশ, বিশ্বমানের ল্যাব যন্ত্রপাতি সংযোজন, রোবট গবেষণায় যুগান্তকারী উদ্ভাবন, সরকারের রূপকল্প অনুসরণে ভিশন ২০২১ গ্রহন ও ভিশন ২০৪১ গ্রণয়নের উদ্যোগ, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে উচ্চ শিক্ষা-গবেষণায় সমঝোতা চুক্তি গড়ে তোলা, বিশ্বব্যাংক, জার্মানি, জাপান, নেদারল্যান্ডসরকারসহ দেশে-বিদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ ও সফল প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন যুগোপযোগী বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে।
কেএইচ





