শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ ও উচ্চ শিক্ষায় বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ঐক্য ফোরাম।
আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।
শিক্ষা ব্যয় বৃদ্ধির সরকারী পরিকল্পনা বাতিল, ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিলসহ শিক্ষার্থী স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা বলেন, সারা পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতে যখন সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তখন আমাদের দেশে শিক্ষা খাতে বরাদ্দ সবচাইতে কম।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ বিনির্মাণে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। কিন্তু আমাদের সরকার সেটা করছেন না। ইউজিসির ২০ বছর মেয়াদী কৌশলপত্র তারই একটি নমুনা। ইতিমধ্যেই ইউজিসির কৌশলপত্রের ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রকৃত চেহারা হারাচ্ছে।
ক্রমাগত ছাত্রদের বেতন, ভর্তি ফি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গরীব, কৃষক, মেহনতি মানুষের সন্তানদের শিক্ষা গ্রহণ আরও জটিল হয়ে পড়েছে। এর ফলে দেশে বৈষম্য আরও বৃদ্ধি পাচ্ছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহবায়ক সরকার আল ইমরান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আর্নিকা তাসমীম মিতু, আল ফোরকান, রফিকুল ইসলাম অভি, খায়রুল ইসলাম রাতুল, অন্নেষ দাশ।
এমবি





