৫ দফা দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। 'ছাত্র অধিকার রক্ষা মঞ্চ' নামের সংগঠনের ব্যানারে এ ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্ররা।

অবিলম্বে ক্লাস-পরীক্ষার মাধ্যমে ক্যাম্পাস চালু, সাধারণ ছাত্রদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার, নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার দাবি করছে ছাত্ররা।

মঙ্গলবার বিকেলে সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন শিমুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে ক্লাস-পরীক্ষা চালুর মাধ্যমে ক্যাম্পাস সচল, সাধারণ ছাত্রদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, বাসচাপায় নিহত ছাত্র তৌহিদুর রহমান টিটুর পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ প্রদান, ঘাতক চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়কে পূর্ণ আবাসিক করার জোর দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানানো হয়।

ছাত্র অধিকার রক্ষা মঞ্চের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন শিমুল এ ব্যাপারে জানান, শিক্ষার্থীদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রশাসন বার বার সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করছে। এভাবে চলতে দেয়া যায় না। তাই নিজেদের অধিকার আদায়ে শিক্ষার্থীদের এই আন্দোলন বলেও জানান তিনি।

এদিকে, বিশ্ববিধ্যালয়ের সব ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যেই এ ধর্মঘটে সমর্থন দিয়েছে।

ইআর