অবৈধ দখলে থাকা হলগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা ২৫ মিনিট থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন।
শিক্ষার্থীরা বলেন, হল উদ্ধার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন এবং হল উদ্ধার আন্দোলন তারা চালিয়ে যাবেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় জবির শিক্ষকসহ কয়েকশ শিক্ষার্থী।
এর আগে, বিশ্বাবিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় তিনশ শিক্ষক মিছিল নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব অভিমুখে যাত্রা শুরু করেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আজগার।
সকাল ১০টা ৫০ মিনিটে ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন কয়েকশ শিক্ষার্থী। ১১টা ২৫ মিনিটে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। এ ছাড়াও সেখানে পুলিশের সাজোয়া যান ও জলকামান মোতায়েন রয়েছে।
জবির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রবিবার পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার বিকেলে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি জানিয়ে হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে মিলিত হবেন। পরে মানববন্ধনের উদ্দেশে প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রা করবেন তারা।’
একই কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনভর কালো ব্যাজ ধারণও করবেন তারা।
বেদখল হল উদ্ধারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, নতুন হল নির্মাণ ও শিক্ষকদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবিও জানান তারা।
শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দলও।
এ ছাড়া সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করবে ছাত্র অধিকার আন্দোলন মঞ্চ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আলামিন মাহাদী বলেন, ‘ছাত্র অধিকার আন্দোলন মঞ্চের ব্যানারে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]