এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে।
রোববার (০৬ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রেজাল্টের কপি হস্তান্তরের পরে দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এরপর দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফলের হার্ডকপি সরবরাহ করা হবে না বলে জানা গেছে।
ওয়েবসাইটে গিয়ে http://www.educationboardresults.gov.bd ফলাফল ডাউনলোড করা যাবে।
এছাড়া, যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
এসএমএস’র নিয়ম- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SSC<space> BOARD<space>ROLL<space>YEAR লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল।
আর দাখিল পরীক্ষার্থীরা শুধুমাত্র SSC এর পরিবর্তে DAKHIL লিখে অন্যান্য তথ্য দিয়ে একই নম্বরে পাঠালে ফল জানা যাবে।

জানা গেছে, সারা দেশে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের চেয়ে ৩ শতাংশ কম। ২০১৭ সালে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫।
এবার মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। ২০১৭ সালে জিপিএ ৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন। এবার পাঁচ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ বেশি বেড়েছে।
গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ও দেশের বাইরে কয়েকটি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলে।
এ বছর তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।
কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।
মুস্তাঈন





