তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষার্থীদের উপর হামলা করেছে রায় সাহেব বাজার মোড়ের ব্যাবসায়ীরা। এ ঘটনায় ৪ শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রায়সাহেব বাজার মোড়ে ফুটপাতে দাঁড়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

জানা যায়, ফুটপাতে দাঁড়ানো নিয়ে জবির ১১ তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের মশিউর ও ১২ তম ব্যাচের একই বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম এর সাথে কয়েকজন ব্যবসায়ীর কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীদের সাথে মশিউর এবং আশরাফুলের হাতাহাতির ঘটনা ঘটে। এই হামলার খবর পেয়ে ক্যাম্পাসের আশেপাশের ১০/১২ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে লাঠি,রড,দা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। সেসময় ব্যবসায়ীদের বেধড়ক পিটুনীতে ১১তম ব্যাচের মনোবিজ্ঞান বিভাগের রিফাত, ১৪তম ব্যাচের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মুসার মাথা ফেটে যায় এবং ১৩তম ব্যাচের তামিম নামে এক শিক্ষার্থীর হাত ভেংগে যায় ও ১২তম ব্যাচের আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়। এছাড়াও আরো কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

এরপর পুলিশ সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মিডফোর্ড, ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, তিনি পুলিশের সাথে যোগাযোগ করেছেন এবং এ বিষয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মওদুত আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিব।

উল্লেখ্য, এ ঘটনা নিয়ে কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফারুক/এমবি