আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা ৩১ লাখ ২৫ হাজার আর ইবতেদায়িতে তিন লাখ ২০ হাজার। সব মিলে এবার সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৩৫ লাখ কোমলমতি শিক্ষার্থী।
পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
সমাপনী পরীক্ষা গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) তত্ত্বাবধানে সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মন্ত্রণালয় ও ডিপিই সূত্রে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ব্রিফিং করবেন।
এবারের পরীক্ষার প্রশ্নের ধরন আগের বছরের মতোই থাকছে। তবে এবার পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৩০০ টাকা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২২৫ টাকা হারে ভাতা পাবে। গত বছর এ সংখ্যা ছিল ৫৫ হাজার।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি
প্রাথমিক সমাপনী
প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ী সমাপনী
ইবতেদায়ী সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমই





