পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৯ জন শিক্ষার্থী। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬১৭টি আসনের বিপরীতে মোট ১১ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮টি অনুষদে তিনটি ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ‘এ’ ইউনিটে ৪৬৮টি আসনের বিপরীতে ৫ হাজার ১৭৭টি এবং ‘বি’ ইউনিটে ৮৩টি আসনের বিপরীতে ২ হাজার ৯১৪টি আবেদন জমা পড়েছে। ‘সি’ ইউনিটের ৬৬টি আসনের বিপরীতে মোট ৩ হাজার ৪৬৪ জন আবেদন করেছেন। এ বছর ‘সি’ ইউনিটেই প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চসংখ্যক ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
২০১৪-১৫ শিক্ষাবষের্র ভর্তির পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত চলে। গত ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিলেন।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের www.pstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এএইচ





