অগ্নিদগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র অয়ন ও ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী জিনিয়ার চিকিৎসা সহায়তায় মোট ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর ২৮ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটো রিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়ির যাত্রী জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানজিমুল হক অয়নের মুখমণ্ডল ও হাতসহ শরীরের কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। এছাড়াও গাড়িতে থাকা তার মা ও বোন অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধ তিনজনই ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অয়ন ও তার পরিবারের চিকিৎসা সহায়তায় ২০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে অয়নের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আইআইটির মেধাবী ছাত্রী নুসরাত জেরিন জিনিয়াকে বাঁচাতে ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। জাবির আইআইটি থেকে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথম মেধাস্থান অর্জন করা নুসরাত জেরিন জিনিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পিতৃহীন এই মেধাবী ছাত্রী বর্তমানে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত আছেন। বর্তমানে ভারতের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উপাচার্য এর আগে গত ২৬ ফেব্রুয়ারি জিনিয়াকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সহায়তা কামনা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জিনিয়ার চিকিৎসার জন্য ইতোমধ্যে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাবির দুই শিক্ষার্থীকে অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেআই