২০০৪ সালে ২১ আগস্টের বোমা হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি যাত্রা শুরু করে। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তী সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু, অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আশকারী, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা ২১ আগষ্টে বোমা হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ২১ আগস্টের হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমাদ।
এছাড়াও সমাবেশে আলাদা আলাদা ব্যানারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তা ইউনিট ও ইবি শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।
জেডআই





