রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান অস্থিতিশীল পরিবেশ শান্ত করতে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সকাল ৮টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
রোববার সন্ধ্যা ৭টায় জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ প্রশাসক প্রফেসর ড.ইলিয়াস হোসেন।
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক খালেকুজ্জামানকে সভাপতি করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এনতাজুল হক (সদস্য সচিব), রসায়ন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম এবং অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন।
রাবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নজরুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার পরপরই সিন্ডিকেট বৈঠক শুরু হয়। এতে সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত হয় যে, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এছাড়া আগামীকাল সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।
সর্বশেষ রোববার সকাল ৮টা থেকে দিনভর কয়েক দফায় সাধারন শিক্ষার্থীদের সাথে পুলিশ- ছাত্রলীগের সংঘর্ষ হয়।
এতে ছাত্রলীগ-পুলিশের বেপরোয়া গুলিতে সাংবাদিকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করেন।
এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, যেহেতু প্রশাসন এ নির্দেশ দিয়েছে তাই আর করার কিছু নাই । আমরা এটা মানতে বাধ্য। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের ভয়েই এ কাজ করেছে। আহত শিক্ষার্থীদের ব্যয়ভার নিতে হবে এজন্য এটা প্রশাসনের চালাকি।





