জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যতম ‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ হওয়ার গৌরব অর্জন করেছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ‘বছরের সেরা ব্যবস্থাপক’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরো বিজনেস এ্যাসেম্বলী’-এর সাম্প্রতিক এক জরিপে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর উপাচার্য এই বিশেষ মর্যাদা লাভ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন, বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিগত মৌলিক উদ্ভাবনী কৌশলের প্রয়োগ ও আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে অনন্য সাধারণ অর্জন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
‘ইউরো বিজনেস এ্যাসেম্বলী’-এর এক্সিকিউটিভ প্রজেক্ট কো-অর্ডিনেটর এডওয়ার্ড শ্লেজিঙ্গার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আগামী ৩০ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিতব্য ‘EBA Achievements 2014’ শীর্ষক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়েল উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ পুরস্কার পেয়েছিল এবং রুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলী সেরা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছিলেন।
কেএইচ





