রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে হাত-পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল থেকে ক্যাম্পাসে ঢোকার পথে ওই দুই শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ এবং ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ সদস্য আবদুল্লা হেল আল মাসুদ।
আহতদের মধ্যে মাসুদের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং টগরের হাত কেটে গেছে। তাদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান সুমন বলেন, সকালে হল থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে একদল লোক দুজনকে ঘিরে ফেলে। এ সময় পর পর তিনটি হাতবোমা ফাটায় তারা।
এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টগরের ডান পা ও বাম হাতের রগ কেটে দেয় এবং মাসুদের বাম পায়ে কোপায়। এতে মাসুদের পা গোড়ালি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে পুলিশ ও আশপাশের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মাসুদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসি আলমগীর বলেন, কে বা কারা তাদের ওপর হামলা চালিয়েছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাস স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমন ছাত্রশিবিরকে এ হামলার জন্য দায়ী করেছেন। শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালিয়েছে। তাদের উভয়ের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]