সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ।
ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ে মিছিল-মিটিংয়ের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এছাড়া যে কোনো ধরনের পোস্টার, ব্যানার টাঙানোও নিষিদ্ধ করা হয়েছে।
তবে প্রক্টরিয়াল বডির নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে।
পরে সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়ের উপস্থিতিতে সব ব্যানার খুলে ফেলা হয়।
এ ব্যাপারে ড. হিমাদ্রী শেখর রায় জানান, নিষেধাজ্ঞার পরও সংগঠনগুলো ব্যানার টানালে তা খুলে ফেলা হয়েছে।
কেএইচ





