বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে রোববার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে স্কুল-কলেজ ও মাদরাসা। সারা দেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্কুল-কলেজ ও মাদরাসায় স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের কঠোর অবস্থান ছিল।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বহরপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করাসহ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে প্রধান শিক্ষক আব্দুস সালাম ক্লাস রুম ও অবকাঠামো ঘুরে দেখান।

কয়েকজন শিক্ষার্থী জানায়, দীর্ঘ দিন বন্ধ থাকার পর স্কুল খোলায় একটি ভিন্ন রকম আনন্দ লাগছে। আমরা চাই পাঠদানের করোনার কারণে যে বিরতি হয়েছিল তা কাটিয়ে উঠতে।

বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমরা ছাত্রীদের ক্লাস রুমে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা, জীবানুনাশক ছিটিয়ে প্রবেশ করানোর ব্যবস্থা করি। এছাড়াও রুটিন ও ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ছাত্রীদের অবগত করা হয়েছে। রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এবিএস