সাতক্ষীরায় শিক্ষার্থীদের মারপিটের ঘটনায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সোমবার গণিতের সূত্র না পারায় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শিমলা ইয়াসমিন, সোহানা পারভীন, তাসমিয়া খাতুন, কামরুল ইসলাম, নার্গিস পারভীন, মামুনসহ ১০/১৫ জন শিক্ষার্থীকে বেত দিয়ে মারধর করেন প্রধান শিক্ষক আবু তাহের।
এ ঘটনায় বিক্ষুদ্ধ অভিভাবকরা সোমবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেন ও মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে প্রধান শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও তিনি সহিংসতার মামলায় কারাগারে ছিলেন।
এমবি





