বৃষ্টিভেজা বিকেলে জেগে আছি একা,

পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো।

আমার নিজ ঘরও অতল ঘুমে বিভোর,

কেবল আমিই হয়তো, জেগে আছি একা–

খোলা জানালায় বৃষ্টি দেখব বলে।

আমার নিস্তব্ধ মনের সমস্ত কল্পনাগুলো,

ডানা মেললো–কদাচিৎ দেখা-ওই দূর আকাশে।

অঝোর ধারায় বৃষ্টি পড়ে,

তার মাঝে,আমার মনও ভিজে চলে।

কতো পাখি ভিজে ভিজে–

কোথায় কোন দূরে চলে যায়,

অবাক চোখে কেবলই চেয়ে থাকি।

দেখি আর দু'চোখ মুছি,

চোখ হতে বৃষ্টির জল সরাই,

চারিদিক যেন বৃষ্টির ধূসর রাজ্য।

কোথা থেকে আসে সব,কোথায় চলে যায়,

উত্তর খুঁজে ফিরে,আমার চঞ্চল হৃদয়।

মেঘে মেঘে সৃষ্ট,গগনবিদারী আওয়াজ,

মানে খুঁজে পেতে চায় আশৈশব মন।

শূন্যের ওই বিশালত্বে হারাতে হারাতে –

ফিরে পেতে চায় মন,নিজেকে

জানিনা আমার মতো করে,

আর কেউ কি আছে?

এমন বর্ষায়, নিভৃত মনে বসবে জানালায়।

আমার মনের কথাগুলো, তার কথা হবে,

আছে কি এমন কেউ, ঘোর অবেলায়।।

---পরান জহির