টিভিতে খেলা দেখাকে কেন্দ্র করে ইট দিয়ে দলীয় এক কর্মীকে পিটিয়ে আহত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগকর্মী নাঈম আহমেদ বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ছাত্রলীগের রুনু-কিবরিয়া গ্রুপের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের গেমস রুমে নাঈম পেছনের চেয়ারে বসে বাংলাদেশ-ওমানের মধ্যকার টি-টোয়েন্টি খেলা দেখছিল। এ সময় ছাত্রলীগের অন্যগ্রুপের নেতা সাকিবুুল হাসান বাকির অনুসারী রিফাত, আরাফাত, বাপ্পীসহ অন্যান্যরা নাঈমের সামনে ছিল।

এ সময় নাঈম খেলা দেখার জন্য তার সামনে বসা ছাত্রলীগ কর্মীদের মাথা অন্য দিকে কাত করতে বলে। এ নিয়ে কথা-কাটাকটির একপর্যায়ে নাঈমকে ইট দিয়ে বেদম প্রহার করে রিফাত ও তার সহযোগীরা। পরে হলের শিক্ষার্থীরা আহত নাঈমকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ বিষয়ে আসাদুজ্জামান রিফাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ঘটনায় জড়িতদের মধ্যে আরাফাত ও বাপ্পী মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী না হওয়ায় সোমবার সকাল ১০টার মধ্যে হল থেকে বের হতে বলা হয়েছে।’

রবিন