শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নয় দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। চিত্র প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মোক্ত থাকবে। মঙ্গলবার বেলা ১২টায় চারুকলা অনুষদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী জানান, এবারের প্রদর্শনীতে চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, মৃৎশিল্প ও ভাস্কর্য, গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাসসহ মোট ৮ টি ডিসিপ্লিনে ২৮৮ জন শিক্ষার্র্থীর ৩৭৯ টি শিল্পকর্ম উপস্থাপন করা হবে। এদের ভিতর থেকে ৪৬ জনকে পুরস্কৃত করা হবে। প্রদর্শনীটি ২৯ ডিসেম্বর শুরু হয়ে আগামী ০৬ জানুয়ারী শেষ হবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চারুকলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রদর্শনীটি উদ্বোধন করবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সায়েন উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ২৯ ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মবার্ষিকীতে রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়েছিলো এই অনুষদটি। যা পরবর্তীতে চারুকলা অনুষদে রূপান্তরিত হয়।

আশিক/জারিফ