বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রী উত্ত্যক্ত করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেজা ও জসিম গ্রুপে এ ঘটনা ঘটে। পুলিশ ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে রড, লাঠিসহ পাঁচজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে কম্পিউটার বিভাগের এক ছাত্রীর হাত ধরে টান দেয় সিভিল বিভাগের ছাত্র মমিন। এর প্রতিবাদ করে আসিফ নামে অন্য এক ছাত্র। ওই ছাত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম করার চেষ্টা করছিল আসিফ ও মোমিন। এ ঘটনার জেরে বিকাল ৩টায় প্রশাসনিক ভবনের সামনে মারামারিতে লিপ্ত হয় ওই দুই ছাত্র। এক পর্যায়ে তা ছাত্রলীগ নেতা রেজা ও জসিম গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে। শুরু হয় পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ক্যাম্পাসে তল্লাশি চালায়। প্রধান ছাত্রাবাসের কক্ষে এক ঘণ্টা তল্লাশি চালিয়ে আটক করা হয় নাঈম, আমিনুল, কবির, দারোয়ান ইউনুস মৃধাসহ পাঁচজনকে। কিছু রড ও লাঠি উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





