শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
গতকাল (১৪ জানুয়ারি) সোমবার বিকেলে সিলেট শহরের বাগবাড়ি এলাকার একটি মেস থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিক্ষার্থীর নাম মো. সাইফুর রহমান প্রতীক। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসাইন ভূইয়া জানান, “গতকাল (১৪ জানুয়ারি) বিকেলে প্রতীকের কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি একটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের ধারণা, রোববার মধ্যরাতে বা ভোরের দিকে তিনি আত্মহত্যা করেছেন।”
সাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার জন্য বিভাগের শিক্ষকদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাঁর বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষক শান্তা তাওহিদা।
ফেসবুক স্ট্যাটাসে শান্তা তাওহিদা লিখেছেন, “আমার কলিজার টুকরা আদরের একমাত্র ভাই প্রতীক আর নাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগকে আমি ছাড়ব না। অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া ছেলেটাকে বিভিন্ন ইস্যু বানিয়ে মাস্টার্সে সুপারভাইজার দেওয়া হয়নি।
বিভিন্ন কোর্সে নম্বর কম দিয়েছে শিক্ষকরা। আমার ভাইটা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল। এটাই তার অপরাধ? ছয় মাস ধরে বিভাগে তিলে তিলে মেরে ফেলছে আমার ভাইকে। আমার কলিজার টুকরা কষ্ট সহ্য করতে না পেরে কাল আত্মহত্যা করেছে। আমার কলিজার টুকরা ছাড়া আমি কীভাবে বাঁচব? ভাই রে আমি আসতেছি তোর কাছে ভাই।”
ফেসবুকে আরেক স্ট্যাটাসে শিক্ষক শান্তা লিখেছেন, “আমার ভাইটারে গত মাসেও আমি জিজ্ঞেস করেছি, আমি কী তোর বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে মামলা করব? আমার ভাই বলেছিল, আপু আমি জিআরআই দিয়েছি, আমি ইউকে চলে যাবো, আমার তো রেফারেন্স লাগবে। শিক্ষকরা তাকে ভয় দেখিয়েছে, কিছু করলে রেফারেন্স লেটার দেবে না। আমার ভাইরে মেরে ফেলছে ওরা। আমি কই পাব আমার কলিজার টুকরা ভাইকে?”
সাইফুর রহমান প্রতীকের বোনের অভিযোগের বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, “আমি বিষয়টি জানি না। এমন কিছু হলে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।”
“আমরা প্রতীকের মরদেহের পাশেই আছি। অভিভাবকদের কাছে প্রতীকের মরদেহ হস্তান্তর করা হবে।” বলেন শাবিপ্রবি প্রক্টর।
এমবি





