আগামী ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হবে ১০ মার্চ। আজ প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচিতে দুই পরীক্ষার মধ্যে বিরতিও রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে ওয়েবসাইটে প্রকাশ করেছে।
এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেওয়া হয়।
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও, এবারও দুই পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে।
সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের।
এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।
চূড়ান্ত সময়সূচি অনুযায়ী মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে।
অন্যান্য বছরের মতো এবারো সকালের পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে।
জেএ





