বিশেষ এক ধরণের পোকার উপদ্রবের কারণে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ বন্ধ ঘোষণা করা হল। শুক্রবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ১ সপ্তাহের ছুটি ঘোষণা করেন।
রাজধানীর নীলক্ষেত এলাকায় অবস্থিত কলেজটিতে গত এক সপ্তাহ ধরে বিশেষ ধরনের পোকার উপদ্রব দেখা দিয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পোকা আতঙ্ক দেখা ছড়িয়ে পরে।
পোকাগুলো ২ থেকে ৩ সেন্টিমিটার লম্বা, সাদাটে রং, অনেকগুলো পা আছে। পোকাগুলো উড়তে পারে না। বিশাল এক রেইনট্রি গাছের সর্বত্র পোকাগুলো বিচরণ করছে। গাছ থেকে নেমে পোকাগুলো ক্লাসরুম, করিডোর, ড্রেনসহ সব জায়গায় বিচরণ শুরু করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটা অ্যারাকনিড জাতীয় পোকা যার আবাস আফ্রিকায়।
পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কলেজটি পরিদর্শন করেছেন। তিনি কলেজের পোকা আক্রান্ত এলাকাসমূহ ঘুরে দেখেন, শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে কথা বলেন।
এরপর শুক্রবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবুল মঞ্জুর খানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আরেকটি দল থেকে পর্যবেক্ষণ কাজ করে ।
পর্যবেক্ষণ শেষে তারা কলেজের অধ্যক্ষ ইফফাত আরা নার্গিসের সঙ্গে কথা বলেন। তারপরই কলেজটি বন্ধ ঘোষণা করা হল। এসময় কীটনাশক ছড়িয়ে  পোকা দমন করা হবে বলে জানানো হয়।
[b]ঢাকা, এমএইচ, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)[/b]