ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের একটি ভবনের পাশ থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে তানভীর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

তানভীর ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছিলেন। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্র ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, থাকতেন ঢাকার শ্যাওড়াপাড়ায়।

ব্যবসায় শিক্ষা অনুষদের এক শিক্ষক জানান, “সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা গেছে, ছেলেটি এমবিএ ভবনের ছাদ থেকে লাফ দিয়েছে।

“সে কিছুটা মানসিক সমস্যায় ছিল। তার ব্যাগে কয়েকটি ঘুমের বড়ি পাওয়া গেছে। আত্মহত্যার উদ্দেশ্যেই লাফ দিয়েছে বলে আমার মনে হচ্ছে।”

বাণিজ্য অনুষদের কর্মচারী রাসেল মিয়া বলেছেন, “সিসি ক্যামেরার ফুটেজে তানভীরকে এমবিএ ভবনের ছাদে উঠতে দেখা যায়। পরে দেখা গেছে, ফোন-মানিব্যাগ পাশে রেখে তিনি লাফ দিচ্ছেন।”

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, “কোনো ভবন থেকে পড়েই তানভীরের মৃত্যু হয়েছে বলে মনে করছে।ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”