দাবি আদায়ে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামীকাল শনিবারের মধ্যে দাবি না মানা হলে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
শুক্রবার রাজধানীর শাহবাগে সমাবেশ করে এ ঘোষণা দেয়া হয়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা মেডিকেল কলেজের পূর্বের ঘোষণা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির সময়সীমা ছিল কিন্তু কর্তৃপক্ষ কেন ২৮ সেপ্টেম্বর নোটিশ দিয়ে ২৯ তারিখ থেকে ভর্তি শুরু করল? ২৮ সেপ্টেম্বর তারিখের নোটিশে অধ্যক্ষের স্বাক্ষরে ২২ তারিখ থাকলেও এর আগে এ রকম কোনো নোটিশ দেখা যায়নি।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।
এরপর থেকেই মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই গত ২৯ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছে।
এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করে র্যাব। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল চেয়ে আন্দোলন করে আসছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এআর





